ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোট দেওয়ার বাড়তি আগ্রহের কারণে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি, যার মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। এই বিপুলসংখ্যক তরুণ ভোটারকে ভোটকেন্দ্রমুখী করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ বাড়াতে নিবন্ধনের সময়সীমাও ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল বলে তিনি জানান।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। যদি এই ৪ কোটি তরুণের একটি বড় অংশ কেন্দ্রে উপস্থিত হয়, তবে ভোট কাস্টিংয়ের হারে বড় ধরনের পরিবর্তন আসবে।’

মোট ১৩ কোটি ভোটারের প্রায় অর্ধেকই নারী। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই কমিশনার বলেন, প্রচার-প্রচারণা ও কেন্দ্রে উপস্থিতির ক্ষেত্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নারী ভোটারদের এই উদ্দীপনা ভোটের দিনে বজায় থাকলে তা মোট শতাংশে বড় প্রভাব ফেলবে।

সুনির্দিষ্টভাবে সংখ্যা বলা কঠিন হলেও অতীতের উল্লেখযোগ্য নির্বাচনগুলোর অভিজ্ঞতার আলোকে এই ব্যক্তিগত ধারণা ব্যক্ত করেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, তাকেই এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখছেন তিনি।

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝