এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে। বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বলেই তারা মনে করছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।
মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
এসআর