চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে যাকে দিয়ে স্থানীয় উন্নয়ন হবে, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। আর জাতীয় নির্বাচনে বিজয়ী প্রতিনিধি সংসদে গিয়ে আইন পাস করবে, সেই আইনে দেশ চলবে।
শনিবার বাউফল পাবলিক মাঠে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা দেশে সরকার গঠন করবে এবং কোন আইনে দেশ চলবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এখন পর্যন্ত জামায়াত ও বিএনপি জোট ইসলামী আইনে দেশ চালাবে বলে ঘোষণা দেয়নি। তারা স্পষ্টভাবে বলেছে, প্রচলিত আইনে দেশ চালাবে। কিন্তু ইসলামী আন্দোলন একমাত্র দল—যারা নির্বাচিত হলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে।
বাউফলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে ব্যক্তি ভালো কি না তা হিসাব করা যাবে না। দেখতে হবে প্রার্থী কোন ফর্মুলা নিয়ে এসেছেন। পটুয়াখালী-২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের নাম উল্লেখ করে তিনি বলেন, এরা ইসলামী আইনে দেশ চালাবে না। আমাদের হাতপাখার প্রার্থী আবদুল মালেক আনোয়ারী নির্বাচিত হলে ইসলামী আইনে দেশ চালাবেন। এর কারণ, প্রচলিত আইনের কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই আইনের কারণে বিদেশে টাকা পাচার করে বেগমপাড়া তৈরি হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এই আইনের কারণে বিদেশি প্রেসক্রিপশনে দেশ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো। আমি চেয়েছিলাম দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে, ইসলামের পক্ষে অবস্থান মজবুত করতে। কিন্তু স্বার্থান্বেষী মহল দাঁড়িপাল্লা নিয়ে এসে বলছে—ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। এখন দাঁড়িপাল্লায় দেখছি দুইটা পাল্লা—এক পাল্লায় গোপনে ভারত, আরেক পাল্লায় গোপনে আমেরিকা। আমরা বাংলাদেশের মানুষ; আমরা ভারত আর আমেরিকার ইনসাফ দেখতে চাই না। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন? এটা হতে দেওয়া যায় না।
উপস্থিত জনতার উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দিতে পারব না। আমরা দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘর ছেড়ে পালায়, আর বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে নিরপরাধ মানুষকে ঘর ছেড়ে পালাতে হবে না। আজ হাতপাখা প্রতীকের পক্ষে একটি ভোট বাড়লে ইসলামের পক্ষে শক্তি বাড়ে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের প্রথম ভোট হোক হাতপাখার প্রতীকে।
পরে চরমোনাই পীর পটুয়াখালী-২ বাউফল আসনের প্রার্থী মুফতি আবদুল মালেক আনোয়ারীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মেজবাহ, কালিশুরীর পীর মাওলানা মজিবুর রহমান, আলহাজ কাওসার আহমেদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
এএস/আরএন