সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আশুলিয়া থানাধীন দোসাইদ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই মফিজুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ সময় তাঁদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার থানাধীন সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার সদর থানার চান্দুরা এলাকার আনোয়ার আলীর মেয়ে শাহানাজ বেগম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে সুমন (৩৬), রংপুর জেলার কোতয়ালী থানার নীলকন্ঠ এলাকার মৃত মোজাম্মেলের ছেলে মহিন (৩০), ঢাকা জেলার আশুলিয়া থানার চানগাঁও এলাকার দুলাল শেখের ছেলে মিলন শেখ (৩০) এবং কুমিল্লা জেলার বরুড়া থানার কাকরতলা পুরবাড়ি এলাকার মৃত শামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই পেশাদার মাদক কারবারি। তবে আসামি শাহানাজ বেগম, সুমন, মহিন ও মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওএফ/আরএন