খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় পশ্চিম টুটপাড়া কুবা মসজিদের পাশে।
নিহত রাকিব লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কোবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব। রাকিবকে দুটি মোটরসাইকেলযোগে ৫-৬ জন এসে সেলুনের ভেতর থেকে টেনে হিচড়ে মাথায় দুটি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী রাকিবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সোনাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার পর পরই লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং নিহতের চলাফেরা ও পূর্ব শত্রুতার বিষয়গুলো খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানানো হয়েছে।
কেএমপির উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, 'রাকিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের একজন সক্রিয় সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার মাথায় দুটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই গুলি করার ঘটনা ঘটেছে।'
এসএম/এমএ