মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সূর্য্যমনি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্য্যমনি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)।
যৌথবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতের আঁধারে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা।
সূত্র আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।”
যৌথবাহিনী জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএইচএস/এসআর