কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খুটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান।
নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।
চেয়ারম্যান আবদুর রহমান বলেন, একটি নির্মাণাধীন ভবনে তারা পলেস্তারার কাজ করছিলেন। অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজন ও ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহ্বায়ক আবদুল মান্নান বলেন, খুটাখালী বাজারে একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ চলছিল। ওই ভবনের পাশে হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন ছিল। সোমবার বেলা ১২টার দিকে কাজ করার সময় লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অপর শ্রমিক উসমান নিচে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা মরদেহ দুটি সুরতহাল করেছে এবং হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসইউ/আরএন