র্যাব-৯ এর বিশেষ অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় জানতে পারে যে, চুনারুঘাট থানাধীন পাইকপাড়া ইউনিয়নের পুরাতন হাইওয়ের পাশে সাতছড়ি এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ও একটি পাটের বস্তা তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুমন মন্ডা (৩৫)। তিনি চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এমআর/আরএন