ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাকে বাড়ির পাশে একটি দোকানে মারধর করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও রুগুরামপুর গ্রামে তার ওপর হামলা চালানো হয়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/আরএন