মুন্সীগঞ্জ–৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেছেন, বহিষ্কার নয়, ভোটের লড়াইয়ে আসুন। জনগণই শেষ কথা বলবে।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর থেকে তিনি একটি নির্বাচনী শোডাউন বের করেন। শোডাউনে কয়েক হাজার নেতাকর্মী ও কর্মী-সমর্থক অংশ নেন। শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্যে মো. মহিউদ্দিন বলেন, নেতাকর্মী বহিষ্কার করে মাঠ ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণকে বহিষ্কার করা যায় না। ভোটের মাধ্যমেই প্রকৃত শক্তির প্রমাণ হবে। তিনি ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের উদ্দেশে বলেন, প্রশাসন বা ভয় দেখিয়ে নয়, আসুন ভোটের লড়াইয়ে নামি।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগকারী নেতা আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির পদত্যাগকারী সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, বিএনপির বহিস্কৃত নেতা মো. আব্দুল মতিন, বহিস্কৃত মো. সাইদুর রহমান, মো. শাহীন মিয়া, জেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব মো. মাসুদ রানা, রামপাল ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেনসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের সমর্থন নিয়েই মো. মহিউদ্দিন নির্বাচনের মাঠে আছেন। কোনো চাপ বা হুমকিতে তারা পিছপা হবেন না।
এমএইচ/আরএন