দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন-১ মিলনায়তনে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম পোস্টাল ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম সম্পন্ন করেন।
দিনাজপুরের ৬টি আসনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার উপজেলা নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিদের হাতে মোট ৫৯টি বন্ধ ব্যালট বাক্স তুলে দেওয়া হয়েছে।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারী মোট ২ হাজার ৭৭৮ জন ভোটারের জন্য ৭টি, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে মোট ৩ হাজার ৩৩৮ জন নিবন্ধনকারী ভোটারের জন্য ৯টি, দিনাজপুর-৩ (সদর) আসনে মোট ৪ হাজার ১৫৯ জন নিবন্ধনকারী ভোটারের জন্য ১১টি, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মোট ৩ হাজার ৫১২ জন ভোটারের জন্য ৯টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মোট ৪ হাজার ৮২ জন নিবন্ধনকারী ভোটারের জন্য ১১টি এবং দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে নিবন্ধনকারী ৪ হাজার ৪৮০ জন ভোটারের জন্য ১২টি বন্ধ ব্যালট বাক্স প্রদান করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জানান, দিনাজপুরে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এতে প্রবাসী ছাড়াও নির্বাচনী কাজে ব্যস্ত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। একটি ব্যালট বাক্সে ৪০০টি ব্যালট হিসেবে জেলার ৬টি আসনের জন্য মোট ৫৯টি বাক্স প্রদান করা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেলায় এখনও কোনো পোস্টাল ব্যালট এসে পৌঁছায়নি। তবে পর্যাপ্ত সময় রয়েছে। আমরা আশাবাদী, যারা নিবন্ধন করেছেন তারা সবাই পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে প্রেরণ করবেন।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় নতুন ১ লাখ ৫৫ হাজার ১৮ জন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় জেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।
হালনাগাদ তালিকা অনুযায়ী জেলায় মোট পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন এবং হিজড়া ভোটার ২২ জন। সে হিসেবে নারী ভোটার ১ হাজার ৭৯৮ জন বেশি। জেলায় ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।
এএইচ/আরএন