রাঙামাটির মানিকছড়িতে চাউলবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে মানিকছড়ির বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি চাউলবোঝাই ট্রাক পাহাড়ি সড়ক বেয়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে নেমে আসে। এ সময় পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশার ওপর ট্রাকটি উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় সিএনজিতে থাকা আরহী মমিনা বেগম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় চারজন যাত্রী দ্রুত নামতে পারলেও এক নারী যাত্রী নামতে না পারায় ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া মরদেহ ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেন।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইকেআই/এসআর