যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনের মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে আসা ক্রেতারা তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ফিরে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তার পিতা রবিউল ইসলাম ক্ষিপ্ত হন। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি (হাতল) দিয়ে ঘুমন্ত তরিকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তরিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
এসকে/আরএন