বাগেরহাটের ফকিরহাট উপজেলা জুড়ে মোটরসাইকেল, সাইকেল, ইজিবাইক ও মোটরভ্যান চুরির আতঙ্ক বিরাজ করছে। গত দুই মাসে অন্তত ছয়টি মোটরসাইকেল, তিনটি মোটরভ্যান ও একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সরকারি অফিস কিংবা নিজস্ব গ্যারেজে মোটরসাইকেল রেখেও রেহাই পাচ্ছেন না মানুষ।
জানা গেছে, গত দুই মাস ধরে একটি চোরচক্র অভিনব কৌশলে অতি অল্প সময়ের মধ্যে তালা ভেঙে এসব যানবাহন চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ সোমবার উপজেলা পরিষদের গ্যারেজ থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা খাঁন আসাদুজ্জামানের মোটরসাইকেল চুরি হয়। এর আগে উপজেলার আট্টাকী গ্রামে বাড়ির গ্যারেজঘর থেকে জিসান শেখ নামে এক যুবকের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী আসলাম শেখের মোটরসাইকেল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাসের মোটরসাইকেলও চুরি হয়েছে। অন্যদিকে ফকিরহাট ডাকবাংলো এলাকা থেকে ব্যবসায়ী খান বাদশা ফয়সালের মোটরসাইকেল এবং কাটাখালী এলাকা থেকে ব্যবসায়ী সেলিম শেখের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
মোটরসাইকেলের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থান থেকে সাইকেল, ইজিবাইক ও মোটরভ্যান চুরির ঘটনাও ঘটেছে। মহাসড়কের পাশে অবস্থান এবং একাধিক সংযোগ সড়ক থাকায় চোরচক্র যানবাহন চুরি করে সহজেই পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এসব চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
এএ/আরএন