সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডলার এ্যাপারেলস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকদের ছুড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার সকালে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এই অবরোধ ও হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, একজনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও দুই জনকে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া। তবে তাৎক্ষনিকভাবে আহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
শিল্প পুলিশ এবং আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার এ্যাপারেলস কারখানার শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে গত মাসের বেতন শুধু অপারেটরদের দেয়া হলেও কারখানার অন্যান্য শ্রমিকদেরকে দেয়া হয়নি। এঘটনায় ভুক্তভোগী শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড়ো হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে। এসময় শিল্প পুলিশের সদস্যরা প্রথমে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়ানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা তাদের অবস্থানে অনর থাকায় পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটাকেল নিক্ষেপ করলে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
কারখানাটির নারী শ্রমিক আলেয়া আক্তার বলেন, আগে প্রতি মাসের ৭-৮ তারিখের মধ্যে কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ করতো। কিন্তু গত মাসের বেতন এখনও সবাইকে পরিশোধ করা হয়নি। এর মধ্যে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১২ জানুয়ারি কারখানাটি বন্ধ ঘোষণা করে। সোমবার শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা শ্রমিকদের সেখানে দাঁড়াতে দেয়নি, উল্টো ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরাও উত্তেজিত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার এ্যাপারেলস নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা আংশিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এঘটনায় পুলিশ সদস্যরা সড়কে যানচলাচল স্বাভাবিকের চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, একজনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীয় দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
এছাড়া যেকোন ধরনের অপ্রীতিরক পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
ওএফ/এসআর