দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, “আপনার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছিল। আপনার প্রদত্ত লিখিত ব্যাখ্যা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। অতএব, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে আপনাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো, যা অদ্য হতে কার্যকর করা হলো।”
এর আগে আবদুল জব্বার মৃধাকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে। এরপর মনোনয়ন বঞ্চিত দুই নেতা কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন ও শিল্পপতি ফারুক তালুকদারের অনুসারিরা ওই মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও কাফনের কাপড় পরে মিছিল করেন। ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আবদুর জব্বার মৃধাকে আহবায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে আব্দুল জব্বার মৃধাকে দল থেকে অব্যাহতির ঘটনায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এএস/এসআর