সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) ঘটনাস্থলের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিল। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
আরএন