রাঙামাটির আসামবস্তী এলাকায় কাপ্তাই সড়কে গাছবোঝাই একটি পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে গাছ বহনকারী মিনি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পিকআপটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক নিচে চাপা পড়েন।
ঘটনাটি দেখে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, রাতে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই/আরএন