সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত আপিল বিভাগের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আজ শুক্রবার তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত কর্তৃক পরবর্তী কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণসহ সব নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের ঘোষণাও রয়েছে।
দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা রঙের এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।
মনোনয়নপত্র বাছাই শেষে বর্তমানে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চলছে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আরএন