পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারের জন্য পাতা প্রায় দুই হাজার ফুট মালা ফাঁদ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপাই ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (ফরেস্টার) মো. রবিউল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা মৃগামারী বনাঞ্চলে পায়ে হেঁটে টহল পরিচালনা করেন। টহলকালে মৃগামারী সাইট খালের সংলগ্ন বন এলাকায় বিস্তৃতভাবে পাতা হরিণ শিকারের মালা ফাঁদ এবং একটি চিত্রল হরিণকে ফাঁদে আটক অবস্থায় দেখতে পান তারা।
পরে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার ফুট মালা ফাঁদ উদ্ধার করেন এবং শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটিকে তাৎক্ষণিকভাবে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, উদ্ধার করা হরিণটি নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে এবং জব্দ করা মালা ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
এসএমএস/এসআর