ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম
X

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে রায়হান কবির নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নিজ দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বিল তাজপুর ডুবন্ত সড়কে তার পথরোধ করে দুই পায়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে যায়। পরে আরিফ নামের এক ভ্যানচালক তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

আহত রায়হান কবির উপজেলার ইটালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী বলে জানা গেছে। আহত রায়হান কবির দাবি করেন, হামলাকারীরা সবাই ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সমর্থক।

আহত রায়হান কবিরের বড় ভাই আব্দুল করিম জানান, ধানের শীষের পক্ষে অবস্থান না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকার কারণেই তার ভাইয়ের ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান ওরফে সোহানের নেতৃত্বে রহিদুল, আওয়াল, ফরহাদসহ কয়েকজন এ হামলায় জড়িত। তিনি আরও বলেন, হামলাকারীরা সবাই সন্ত্রাসী ও নামধারী বিএনপি নেতা-কর্মী। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

অভিযুক্ত সোহানুর রহমান ওরফে সোহান মুঠোফোনে বলেন, ঘটনার সময় তিনি গ্রামের বাইরে ছিলেন। তিনি দাবি করেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে এবং প্রতিপক্ষ গ্রুপ তাকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, বিএনপির একনিষ্ঠ কর্মীর ওপর কিছু হাইব্রিড নামধারী বিএনপি নেতা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, যেখানে এখনো ভোটের প্রচারণা শুরু হয়নি, সেখানে এভাবে একজন কর্মীর দুই পা কুপিয়ে জখম করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার কোনো ছাড় নেই। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী লোমানী শুভ বলেন, আহত ব্যক্তির দুই পায়ে ওপেন ফ্র্যাকচার রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুর নুর বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝