কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে এতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং–৯৩৪-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘনারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ জন বিজিবি সদস্য ও মেঘনারায়ণের কুঠি ক্যাম্পের ৬ জন বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীদের সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট থেকে দিনহাটাগামী একটি প্রধান সড়ক রয়েছে। সীমান্তঘেঁষা এ সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০–৬০ গজ এবং কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরে অবস্থিত।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত তিন–চার দিন ধরে সীমান্তঘেঁষা ওই এক কিলোমিটার পুরোনো সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতের আঁধারে কাজ চালিয়ে প্রায় অর্ধ কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ করা হয়েছে। গত দুই–তিন দিন ধরে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিলেও বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যরা সীমান্তের পুরোনো সড়কের পাশেই পূর্ব দিকে রাতের আঁধারে পাকা সড়ক নির্মাণ করে আসছেন। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরে এলে তারা টহল জোরদার করেন এবং একাধিকবার বিএসএফকে কাজ বন্ধের জন্য অনুরোধ জানালেও তারা তা মানেনি। বরং রাতে পুনরায় কাজ চালিয়ে যায়।
তারা আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর পাশে বালারহাট ক্যাম্প ও মেঘনারায়ণের কুঠি ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকটি তারা কাছ থেকেই প্রত্যক্ষ করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় মুঠোফোনে জানান, বিএসএফের সড়ক নির্মাণের ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “বর্তমানে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।”
অপরদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বাধা দিই। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায়ও বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সড়ক নির্মাণ ইস্যুতে আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসি/আরএন