র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রাজধানীর মাতুয়াইল এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের অপহরণ করা হয়। পরে গামছা দিয়ে চোখ বেঁধে মারধর করে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে সড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
আহত দুই কর্মচারী হলেন মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি। তাদের বাড়ি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, শহরের কালিরবাজারের হাজী জুয়েলার্সের কর্মচারী মোজাম্মেল হক ও ফজলে রাব্বি রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে তাদের যাত্রীবাহী বাসটি মাতুয়াইল এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি নোহা গাড়ি থেকে র্যাব পরিচয়ে দুর্বৃত্তরা টাকার ব্যাগসহ দুই কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ফেলে রেখে যায়। এরপর পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এসএস/আরএন