নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার বিকেল পৌনে ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা— একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। শহীদদের রক্তের আকাঙ্ক্ষা— নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে নিরপেক্ষ ভোটগ্রহণের মধ্য দিয়ে।
তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারকে একযোগে কাজ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-০১ (চকরিয়া–পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে আসেন।
শুক্রবার দুপুর সোয়া ১টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক আমার দেশ-এর কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
দুপুরে মধ্যাহ্নভোজ শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্বনির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-০১ (চকরিয়া–পেকুয়া) ও কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার-০১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। ফলে এ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়।
বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।
এসইউ/আরএন