ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সালাহউদ্দিনের বাৎসরিক আয় ৬ কোটি ২২ লাখ টাকা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী (ফরম-২১) অনুযায়ী, সালাহউদ্দিন আহমদ তাঁর আনুমানিক বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা (প্রায় ৬ কোটি ২২ লাখ)। একই সঙ্গে ২০২৫–২৬ করবর্ষে তাঁর বাৎসরিক ব্যয় দেখানো হয়েছে ৩৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ টাকা।

হলফনামার তথ্যানুযায়ী, কৃষিখাত থেকে তিনি আয় করেছেন ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘পেকুয়া লাইভস্টক ফিশারিজ ফার্ম’ থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা এবং কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি বাবদ মূলধনী আয়) তাঁর আয় ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।

অস্থাবর সম্পত্তির বিবরণীতে দেখা যায়, সালাহউদ্দিন আহমদের কাছে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের কাছে রয়েছে ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের জমা রয়েছে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা এবং তাঁর স্ত্রীর নামে জমা আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

শেয়ার ও বিনিয়োগ খাতে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিন আহমদের বিনিয়োগের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৯ লাখ টাকা।

অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য দেখানো হয়েছে ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

যানবাহনের হিসাবে সালাহউদ্দিন আহমদের ব্যবহৃত ১টি কার ও ২টি জিপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা। তাঁর স্ত্রীর ব্যবহৃত ১টি কার ও ১টি জিপের মূল্য প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা।

বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১২ দশমিক ৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪ দশমিক ৮ তোলা স্বর্ণ, যার মূল্য ‘অজানা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে—২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, ৯ দশমিক ৪৩ একর অকৃষিজমি, পেকুয়ায় অবস্থিত তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত ছয়তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

হলফনামা অনুযায়ী, সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়ের পরিমাণ ৪ কোটি ১৫ লাখ টাকা। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর প্রদত্ত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১–২০০৬ মেয়াদে চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝