খুলনার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সবুর মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে র্যাবের সহযোগীতায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সবুর মোল্লা আড়ংঘাটা থানা শলুয়া বাজার এলাকার বাসিন্দা কাউছার আলী মোল্লার ছেলে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে বুধাবর রাতে র্যাবের সহযোগীতায় তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে এ হত্যাকান্ডের ব্যাপারে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
গ্রেপ্তার হওয়া সবুর মোল্লার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় একটি ডাকতি মামলা রয়েছে। স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান ওসি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে আড়ংঘাটা থানা এলাকার শলুয়া বাজারের একটি দোকানে চা পান করছিলেন সাংবাদিক এমদাদুল হক মিলন। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে ৪ জন সন্ত্রাসী নেমে ২ টি ফাঁকা গুলি এবং চায়ের দোকানে গিয়ে এমদাদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা স্থানীয় পশু চিৎিসক দেবাশীষ বিশ্বাসকে লক্ষ্য করে গুলি করে। নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে এবং আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। সে একটি অনলাইন পোর্টাল চালাতেন।
এসএমএস/এসআর