ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে বাবার বাড়ি যাওয়ার পথে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্র্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ রেল পথে শীলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু আছমা (৩৬) উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের গোবড়ী এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে দুপুর ১২টার দিকে শিলা রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ অতিক্রম করে ময়মনসিংহ যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইন চার্জ রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
এমএ/এনএন