
রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও গলাব্যাথা) মারা যাওয়া রুহুল শেখের (৩০) শরীরের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাসের কোন সংক্রমন পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অবজারভার কে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুয়ারা খাতুন সুমি।
ডা. সুমি বলেন, গত সোমবার সকালে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মৃত হাবিবুর শেখের ছেলে বাস ড্রাইভার রুহুল শেখ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও গলাব্যাথা নিয়ে মারা যান। এ ঘটনার পর আমরা দ্রুত ওই ব্যক্তির মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিতে পাঠাই। আজ সন্ধ্যায় আমরা তার শরীরের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্টটি নেগেটিভ এসেছে। অর্থাৎ ওই ব্যক্তির করোনাভাইরাসের কোন সংক্রমন পাওয়া যায়নি।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রুহুল শেখ মারা যাবার পর তাৎক্ষনিক উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পুরো সেনগ্রাম লকডাউন ঘোষণা করা হয়। একইসঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মৃত ব্যক্তির দাফনও সম্পন্ন করা হয়। যেহেতু নমুনা পরীক্ষার রিপোর্টে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি তাই সেনগ্রামের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রশাসনের যেসকল নির্দেশনা রয়েছে গ্রামবাসীকে তা মেনে চলতে বলা হয়েছে।
এআর/এসআর