ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসছে শুক্রবার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০১৯, ১০:৩৯ এএম আপডেট: ২৪.০৫.২০১৯ ৩:১৩ পিএম
পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানো কাজ শুরু হয়েছে।  কয়েক দফা পিছিয়ে মাওয়া প্রান্তে বসানো দশম স্প্যানের পাশে বসানো হবে এটি।  শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া থেকে স্প্যানটি নিয়ে ১৪ ও ১৫ নম্বর পিলারের দিকে রওনা দেওয়া হয়েছে।   দুপুরের মধ্যে ১৫০ ফুট দৈর্ঘ্যের স্প্যানটি বসানো শেষ হওয়ার কথা রয়েছে। 

এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয় ১২তম স্প্যান। আগে বসানো ১২টি স্প্যানের ৯টি একসাথে জাজিরা প্রান্তে। একটি স্প্যান বসানো হয়েছে মাঝনদীতে। আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে দুটি স্প্যান। এখন সেগুলোর একটির পাশেই যোগ করা হবে নতুন এই স্প্যানটি।

পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং (এমবিইসি) জানায়, স্প্যান উঠানোর চেয়েও তারা গুরুত্ব দিয়ে দেখছেন সেতুর পিলার গড়ে তোলার কাজকে। স্প্যান বহনকারী ক্রেন দিয়ে সেতুর পাইলিং কাজ আগানোর কাজ চলছিল গেল কয়েক দিন। সেতুর ২৬২ পাইলের মধ্যে ২৩৬টি পাইল ড্রাইভিং শেষ করা হয়েছে। বাকি থাকা ২৬টি পাইল জুলাই মাসের মধ্যে শেষ করতে চাচ্ছেন তারা।

এদিকে ঈদের আগে আরও একটি স্প্যান ওঠানোর পরিকল্পনা রয়েছে সেতু বিভাগের। ১৪তম স্প্যান বসানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে। বা‌কি থাকবে আরও ২৭টি স্প্যান বসানোর কাজ। ৪১টি স্প্যান ও ৪২টি পিলারে হবে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, সেতুর অগ্রগতি ৭৬ শতাংশ। আর নদী শাসন কাজের অগ্রগতি ৫৫ ভাগ। সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি এখন ৬৭ শতাংশ।

পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৩টি স্প্যান ছিল। এর মধ্যে ১২টি স্প্যান পিয়ারের ওপর বসিয়ে দেওয়া হয়েছে। আর বাকি স্প্যানগুলো চীনে নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। 

বহুমুখী পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সবমিলিয়ে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার ১৯৪ কোটি টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১৩৩ কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে সে দেশেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দুই স্তর বিশিষ্ট। স্টিল ও কংক্রিট দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। সেতুর ওপরের স্তরে থাকবে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। বিশ্বের সবচেয়ে বড় হ্যামার দিয়ে কাজ চলছে পদ্মা সেতুর। বাংলাদেশের সবচেয়ে বড় এ সেতু নির্মাণে প্রতিদিন দেশি-বিদেশী ৩-৪ হাজার শ্রমিক কাজ করছে।

এমএইচএস/এইচএস
  

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement