আবহাওয়া অনুকূলে থাকলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আরেকটি স্প্যান (সুপার স্ট্রাকচার) বসছে বুধবার। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হবে এটি। যদিও মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো আছে।
স্প্যান ৩-এ বসানো হবে ১৩ ও ১৪ নম্বর পিলারে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বুধবার মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নম্বর পিলারের বা খুঁটির ওপর ৩ নং মডিউলের '৩-এ' নং স্প্যানটি বসানো হবে। বুধবার সকালে মাওয়ার কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান রওনা দেবে। কারণ, কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বসানোর পিলারের দূরত্ব সামান্য।
প্রকৌশলী সূত্রে জানা যায়, এ পর্যন্ত পদ্মা সেতুর ৮টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে এবং সবগুলো জাজিরা প্রান্তে। সে হিসেবে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে। মাওয়া প্রান্তে একটি অস্থায়ী স্প্যান (স্প্যান ১-এফ) রাখা আছে ৪ ও ৫ নম্বর পিলারে। ৬ ও ৭ নম্বর পিলার প্রস্তুত না থাকায় অস্থায়ীভাবে এটি ৪ ও ৫ নম্বর পিলারে বসানো হয়েছে। পরবর্তীতে ৬ ও ৭ নম্বর পিলার প্রস্তুত হওয়ার পর এটি সরিয়ে নেয়া হবে। এটি আসলে বসানো হবে ৬ ও ৭ নম্বর পিলারে। কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা হয়েছে।
পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে সর্বমোট ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। মাওয়া ও জাজিরা প্রান্তের স্থায়ী ও অস্থায়ী স্প্যান উভয় মিলে সেতুর মোট দৃশ্যমান ১৩৫০ মিটার। আর বুধবার ৩-এ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর মোট ১৫০০ মিটার বা দেড় কিলোমিটার।