Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপির কোনো ভূমিকা নেই: ওবায়দুল কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩০৬)
গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতিক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণতন্ত্রের শত ফুল একদিনেই ফোটে না, এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পরিচর্যার; আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোনো দায়িত্বশীল ভূমিকা তো রাখেইনি, বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলেও মনে করেন তিনি। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিএনপি এতদিন ‘না’ ছাড়া কিছুই দেখতে পেত না, এখন দেখতে পায় ‘ধ্বংস’– এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ চলছে।

সরকার নাকি গণতন্ত্র, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে– বিএনপি নেতাদের এমন মন্তব্য মিথ্যাচার আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস।

তিনি বলেন, যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এ দেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম।
প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।

বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না উল্লেখ করে তিনি বলেন, তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।

‘দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা, আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, পারছে অবিরাম বিষোদগার করতে।'

দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে বলেও জানান তিনি। বললেন, নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করেছে, যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা।

করোনা মহামারীতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এ কারণেই বিএনপির কষ্টের কারণ বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সব আর্থ-সামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা।

বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে; তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়; ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না। জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়।

আর এ জন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না বলে জানান তিনি।

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয় বলে জানান ওবায়দুল কাদের।

এসআর


সম্পর্কিত   বিষয়:  ওবায়দুল কাদের   বিএনপি  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close