অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোররাতে রাজধানীর গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইশরাকের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ।
তিনি বলেন, ভোররাত ৩টার দিকে গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেন। তারা বাসভবন লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।
জানা গেছে, হামলার সময় বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দিয়ে এসেছিল হামলাকারীরা। প্রায় ১ থেকে দেড়'শ মোটরসাইকেলের বহরে এসে হামলা করে চলে যায় তারা। হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না। একজন কেয়ারটেকার ছিলেন। তবে হামলা কেন চালানো হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেননি।
এইচএস