ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদপ্রত্যাশী বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে রাজধানী তিরানায় রাজপথে নামেন হাজারো মানুষ।

একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন।
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন।

জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুখোশ পরা একদল বিক্ষোভকারী সরকারি ভবনে পাথর নিক্ষেপ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে পুলিশের বাধায় তারা আর সামনে এগোতে পারেননি।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের সংকট, শিক্ষার নিম্নমান এবং দুর্বল স্বাস্থ্যসেবা নিয়ে আলবেনিয়ায় জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে।

এর জেরে গত অক্টোবরের মাঝামাঝি তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য এবং নাগরিকদের দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া সম্ভব নয়। অন্য আন্দোলনকারীরাও উন্নত জীবনমান ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিতে স্লোগান দেন।

এর আগে গত গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় নতুন করে ছড়িয়ে পড়া বিক্ষোভ এদি রামার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী এদি রামা বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলন প্রশমনে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে তার সরকার।

২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে ইইউর সদস্যপদ পাওয়ার দৌড়ে আলবেনিয়া এগিয়ে রয়েছে। ২০৩০ সালের মধ্যে জোটটিতে যোগ দেওয়ার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে দেশটি।

তবে বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ ও চলমান রাজনৈতিক অস্থিরতা আলবেনিয়ার ইইউতে যোগ দেওয়ার লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝