ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতিসংঘের বিশেষ দুতকে কোস্টারিকায় ঢুকতে দেয়নি সরকার
বিমানবন্দরে বসেই নিলেন ডক্টরেট ডিগ্রি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে গিয়ে কোস্টারিকায় প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে দেশে ঢুকতে দেয়নি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন কোস্টারিকার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
ইতালীয় আইনজীবী আলবানিজ বৃহস্পতিবার রাতে কোস্টারিকার রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর প্রবেশে বাধা দেওয়া হলে তাকে বিমানবন্দরেই অবস্থান করতে হয়।

সেখানে দুই রাত কাটানোর পর শনিবার (২৮ নভেম্বর) বিমানে করে মেক্সিকো চলে যান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের দাবি, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার’ বিষয়ে একটি আন্তর্জাতিক সতর্কতার আওতায় থাকায় আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে কীসের ভিত্তিতে এই সতর্কতা জারি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।
আলবানিজ অভিযোগটি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়। 

ইতালীয় আইনজীবী ফ্রানচেসকা আলবানিজ ২০২২ সালের মে মাস থেকে ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ছবি: রয়টার্স

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কোস্টারিকা সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার মতে, মানবাধিকারের প্রতি কোস্টারিকার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে এ সিদ্ধান্তের সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন।

আলবানিজের সফরের উদ্দেশ্য ছিল মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। তবে তাকে দেশে প্রবেশ করতে না দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করে। বিমানবন্দর থেকে ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এ সময় টার্মিনালের মেঝেতে বসেই সম্মাননা গ্রহণের বক্তব্য দেন।

অনুষ্ঠানের ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের বড় পর্দায় আলবানিজের বক্তব্য প্রচার করা হচ্ছে। এ সময় দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানান।

নিজের বক্তব্যে আলবানিজ বলেন, কোস্টারিকা সরকার তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এতে তিনি ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, ‘মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’

কোস্টারিকায় প্রবেশের অনুমতি না পেয়ে মেক্সিকোর মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। ২৮ নভেম্বর ২০২৬ ছবি: রয়টার্স

আলবানিজ ২০২২ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারী তিনি। জাতিসংঘের মানবাধিকার পরিষদ স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে। বিশেষ র‍্যাপোর্টিয়াররা নির্দিষ্ট অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও প্রতিবেদন তৈরি করেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত আলবানিজ। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব থাকায় ইসরায়েল ও দেশটির মিত্রদের কাছ থেকে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে জাতিসংঘের এই পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

আলবানিজের বক্তব্য, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই তার কাজ।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজার ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় পশ্চিমা সরকারগুলো যথেষ্ট ভূমিকা রাখছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন আলবানিজ। গত বছরের এক প্রতিবেদনে তিনি ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত অর্থনৈতিক ব্যবস্থাকে ‘গণহত্যার অর্থনীতি’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে বহুজাতিক কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান জানান। তার সতর্কবার্তা ছিল, এসব ব্যবসায়িক সম্পর্কের কারণে কোম্পানিগুলো গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সংঘটিত যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সমর্থন এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও মার্কিন ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও তুলেছেন। তবে আলবানিজ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার চালাতে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে পাওয়া ক্ষমতার অপব্যবহার করছেন আলবানিজ।

কোস্টারিকার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির রাজনীতিবিদ ও মানবাধিকার সংগঠনগুলোও প্রতিবাদ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আগামী বহু বছর ধরে এই সিদ্ধান্ত কোস্টারিকার সরকারের জন্য লজ্জার কারণ হয়ে থাকবে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট ও ১৯৮৭ সালের শান্তিতে নোবেলজয়ী অস্কার আরিয়াস বিমানবন্দরে আলবানিজের সঙ্গে দেখা করেন এবং সরকারের সিদ্ধান্তের নিন্দা জানান। এ ছাড়া দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারাও এ পদক্ষেপের সমালোচনা করেছেন। কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ও সরকারের কাছে সিদ্ধান্তটির আইনি ভিত্তি ব্যাখ্যা করার দাবি জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক হলিউড অভিনেতা মার্ক রাফালোও এক্সে পোস্ট দিয়ে বলেছেন, আলবানিজের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হওয়া উচিত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের নেতৃত্বাধীন কোস্টারিকা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির এই সম্পর্কের প্রেক্ষাপটেও আলবানিজকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স ও এএফপি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝