ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে মিশে থেকে তারা এ ছিনতাইয়ের পরিকল্পনা করে।
শনিবার (২৮ নভেম্বর) সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে অস্ত্রধারীরা উঠে নিয়ন্ত্রণ নিয়েছে।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভির্গো। এর মালিক মার্সা ওশেন শিপিং নামের আমিরাতভিত্তিক একটি কোম্পানি। জাহাজটি পানামার পতাকা নিয়ে চলাচল করছিল।
নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকা নিয়ে ছয় জলদস্যু ইয়েমেনের এডেন উপসাগরে আসে। এরপর তারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।
তাঁরা আরও জানান, জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তাঁরা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের আটকে রেখেছেন।
তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ তথ্যের সত্যতা তারা নিজেরা যাচাই করতে পারেনি।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাই থেকে সংঘাত শুরু হয়েছে। এরপর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এর আগেও অঞ্চলটি জলদস্যুদের তৎপরতার কারণে অনিরাপদ ছিল। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে একসময় সেখানে জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
সৌদি আরব ও হুথিদের সংঘাতের কারণে অঞ্চলটিতে আবারও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যেই আমিরাতের মালিকানাধীন জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
সূত্র: এএফপি
-টিএস