ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম
X

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আহত সদস্যদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ মাথায় আঘাত পেয়েছেন, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রাণের বিনিময়েও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের গুরুতর আহত হওয়ার পরও তাঁরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের কয়েকটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। পুলিশ সদস্যদের অধিকাংশ চিকিৎসা আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মতামত দেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝