উচ্চশিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করা জরুরি। প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এ সম্মেলনে অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যক্ষদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনার অনেক কিছু নির্ভর করে।
তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময় দেশের অন্যান্য খাতের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। আধুনিক ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদেরই নেতৃত্ব দিতে হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে। এসব প্রযুক্তির কারণে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হচ্ছে, আবার নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের এসব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই সাফল্যের অন্যতম শর্ত। এ জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন বা শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি।
এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার সময়ই যদি লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, তাহলে শিক্ষাজীবন শেষে চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জন করতে পারবে।
প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। একই সঙ্গে নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক কর্মবাজারে শিক্ষার্থীদের সম্ভাবনা বাড়াতে একাধিক ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ কলেজগুলোতে তৈরি করতে হবে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ ও শিক্ষকসংকট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শূন্যপদ পূরণ, শিক্ষক পদায়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী ব্যবস্থা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান-গুণে সমৃদ্ধ হবে, কর্মে আত্মনির্ভরশীল হবে, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করে উপস্থিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।