‘কোনো রকম চাওয়া-পাওয়া ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতারা। তারা জাতীয় বীর, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
নিজের জীবনে ১০ ব্যাগ রক্ত গ্রহণের আবেগময় স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, শুধু সম্মাননা দিয়ে স্বেচ্ছা রক্তদাতাদের যথাযথ সম্মান জানানো সম্ভব নয়। তাদের প্রতি মানুষের সম্মান ও কৃতজ্ঞতা অন্তরে জাগ্রত থাকে। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে বরং মানবতার জয়গান শেখা যায়।
স্বেচ্ছা রক্তদাতাদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
কোয়ান্টাম ফাউন্ডেশন রক্তদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে অসংখ্য মানুষকে যুক্ত করেছে উল্লেখ করে অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, ‘কোয়ান্টাম মানুষের আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় সৃষ্টির অনন্য উদাহরণ।’
অনুষ্ঠানে জানানো হয়, কোয়ান্টাম ল্যাবে মোট নারী রক্তদাতার সংখ্যা ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে লাইফলং ডোনার ৬ হাজার ৪৯ জন, সিলভার ডোনার ১ হাজার ৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনার রয়েছেন ৫ জন।
কোয়ান্টাম ল্যাবের তথ্য অনুযায়ী, সাড়ে পাঁচ লাখের বেশি ডোনারের পুল নিয়ে ২০০০ সাল থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৮ লাখের বেশি মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত ও রক্তের উপাদান সরবরাহে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে ৫০ বা তার বেশি বার রক্তদানকারী প্লাটিনাম ডোনারের সংখ্যা ২০১ জন। ২৫ থেকে ৪৯ বার রক্তদানকারী গোল্ডেন ডোনার রয়েছেন ৩ হাজার ১৭৪ জন। ১০ থেকে ২৪ বার রক্তদানকারী সিলভার ডোনারের সংখ্যা ১৩ হাজার ১৫৮ জন। আর অন্তত তিনবার রক্তদানকারী লাইফলং ডোনারের সংখ্যা ৫৯ হাজারের বেশি।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের অনুভূতি তুলে ধরেন ৫০ বার রক্তদানকারী নারী প্লাটিনাম ডোনার সৈয়দা রাবেয়া বসরী মুনমুন। এ ছাড়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মেহেদী হাসান এবং হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান।
অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোচকরা।
-টিএস