শিক্ষার্থীদের সবার আগে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) একেএম রহমত উল্লাহ কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি নবীন শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. এম এ কাইয়ুম বলেন, ‘তোমাদের সবার আগে মানবিক মানুষ হতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।’
তিনি শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া ইতিবাচক। এ সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নারী শিক্ষার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে ড. এম এ কাইয়ুম বলেন, তিনি এ এলাকার মানুষের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি দেখতে চান না। মত ও দলের ভিন্নতা থাকলেও সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে ভবিষ্যতে একেএম রহমত উল্লাহ কলেজের যেকোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনে নাহিদ ইসলামের অগ্রণী ভূমিকা রয়েছে।
ড. এম এ কাইয়ুম বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সম্প্রীতির পথে বাধা হয়ে না দাঁড়ায়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্দ্যের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
-টিএস