রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে ঢাকা শহরের যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণসহ নাগরিক সমস্যাগুলো সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, রাজনৈতিক কারণে ঢাকা শহরকে দুই ভাগ করা ঠিক হয়নি। এতে নগর ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। দেশের প্রয়োজনে এবং রাজধানীকে বাঁচানোর স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের ড. দুর্গা পি. পাউডিয়াল কনফারেন্স হলে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার তথ্য ও বিভিন্ন দিক নিয়ে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, কিছু বিষয় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু ঢাকা শহরকে রাজনীতির মধ্যে টেনে এনে দুই ভাগ করা হয়েছে। এতে নগর ব্যবস্থাপনায় বড় সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের বর্তমান অবস্থা চলতে পারে না। যানজটের কারণে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে ঢাকা দক্ষিণের পরিস্থিতি আরও ভয়াবহ। তাই নগরের সমস্যাগুলো বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে।
আবদুস সালাম আরও বলেন, যানজট, জলাবদ্ধতা, মশার উপদ্রব, আবর্জনা ও বায়ুদূষণসহ ঢাকার সব সমস্যাকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে। শুধু একটি বিষয় নিয়ে গবেষণা করলে হবে না। ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সমস্যাগুলোর প্রকৃত কারণ চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
পুরান ঢাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সিটি করপোরেশন দুই ভাগ করার ফলে পুরান ঢাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর দাবি, পুরান ঢাকার করের অর্থ দিয়ে নতুন ঢাকা গড়ে তোলা হয়েছে। অথচ নতুন ঢাকার বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর করের অংশ এখন দক্ষিণ সিটি করপোরেশন পাচ্ছে না। ফলে পুরান ঢাকার মানুষ বঞ্চিত হচ্ছেন এবং সেখানকার ব্যবসা-বাণিজ্যও ক্রমে অন্যত্র সরে যাচ্ছে।
তিনি বলেন, ঢাকা একটি প্রাচীন শহর। এর গৌরবোজ্জ্বল ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্য রয়েছে। এসব ঐতিহ্য ধরে রাখতে হবে। নগর উন্নয়নের পরিকল্পনায় পুরান ঢাকার মানুষের জীবনমান ও নাগরিক সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
রিকশা ব্যবস্থাপনা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বেকারত্ব দূর করার জন্য রিকশা, নাকি মানুষের চলাচলের প্রয়োজন-কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে, তা আগে নির্ধারণ করতে হবে। রিকশাশ্রমিকদেরও বেঁচে থাকা ও কাজ পাওয়ার অধিকার রয়েছে। তাঁদের বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। একই সঙ্গে নগরের যানজট ও চলাচলব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, পায়ে চালিত রিকশার মালিক ও শ্রমিকেরা জীবিকা নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁর কাছে এসেছেন। তাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে এবং তাঁরা লাইসেন্স ও মালিকানা নবায়ন করেছেন। তাই তাঁদের ভবিষ্যৎ কী হবে, সেটিও বিবেচনায় নিতে হবে।
ঢাকাকে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা কামনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোথাও সিটি করপোরেশনের ভুল থাকলে তা ধরিয়ে দিতে হবে। একই সঙ্গে অন্যায়কে অন্যায় এবং ভুলকে ভুল বলতে হবে।
-টিএস