জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর দ্বিতীয় সিজনের প্রথম টিজার প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক । নতুন সিজনেও ঘাতক ‘জ্যাকাল’ চরিত্রে ফিরছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন। আগামী ২০২৭ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন।
ফ্রেডেরিক ফোরসাইথের ১৯৭১ সালে প্রকাশিত জনপ্রিয় থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ২০২৪ সালে প্রথম সিজন মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে এটি।
প্রকাশিত নতুন টিজারে দ্বিতীয় সিজনের শুরুর কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। তবে গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। টিজারে দেখা গেছে, নিজের বিপজ্জনক কর্মকাণ্ড নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে দুর্ধর্ষ ঘাতক জ্যাকাল। নতুন সিজনেও থাকছে আন্তর্জাতিক অভিযান, জটিল পরিকল্পনা এবং রুদ্ধশ্বাস পরিস্থিতির নানা আয়োজন।
প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির পর প্রথম ৭৫ দিনে সিরিজটি পিককের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা নতুন অরিজিনাল ড্রামা সিরিজের রেকর্ড গড়ে। এডি রেডমেইনের অভিনয়ও ব্যাপক প্রশংসা পায়। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও এসএজি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।
দ্বিতীয় সিজনে এডি রেডমেইনের পাশাপাশি ফিরছেন উরসুলা করবেরো, চার্লস ড্যান্স ও চুকউদি ইজিউজি। নতুন করে অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন ম্যাট বোমার, পাবলো শ্রাইবার, ওয়েরুচে ওপিয়া ও পিয়া টিজেল্টা।
নতুন ও পুরোনো অভিনয়শিল্পীদের সমন্বয়ে দ্বিতীয় সিজনে আরও বিস্তৃত গল্প ও রোমাঞ্চকর অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মার্চে পিককে মুক্তি পাবে ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর দ্বিতীয় সিজন।
এফএস