ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ডিবির হেফাজতে অভিনেতা তমাল মাহবুব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর কবরস্থান–সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে তাঁর জন্ম। তবে বেড়ে ওঠা ঢাকার আজিমপুরে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন তিনি। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা দিতেন। সেই আড্ডার সূত্র ধরেই একসময় নাটকে অভিনয়ের সুযোগ পান।

২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝