চলতি বছরের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম ও কোড, সংশ্লিষ্ট কলেজের নাম, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার তথ্য তুলে ধরা হয়েছে।
তালিকার পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বোর্ড। নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করবেন।
প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআর উত্তরপত্রের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। লিখিত উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা সদরের কেন্দ্রগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক এ দায়িত্ব পালন করতে পারবেন।
এদিকে, কেন্দ্র হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবেন। তবে তাদের পরীক্ষা জেলা বা উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে পারবেন না।
গত ১২ নভেম্বর এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এসএস