সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে রদবদল করেছে সরকার। এর মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া দুইজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদলের আদেশ জারি করে।
নতুন দায়িত্ব অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
এসএস