শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।
দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা দিতে পারেনি।
পরদিন জামালপুরের নারিকেলী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে শনাক্ত করে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচার চলাকালে বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে এ সাজা দেন।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে রাইসুল হুদা ও জামিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
এমএস/আরএন