শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।