রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর সিআইডি সদরদফতর, পল্লবী থানা, খিলক্ষেত থানা, হোটেল রেডিসনের সামনে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, পান্থপথ, তেজগাঁও, যাত্রাবাড়ী, সনি হলের সামনে, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন এবং মিরপুরে একটি প্রাইভেটকারে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ ঘটনাগুলো নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুইজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এসআরবির এক সদস্য আহত হয়েছেন।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ছাড়া মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে, রাজধানীর ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামান্য সামনে সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
ভাটারা থানার এসআই দেবাশিষ সরকার জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর খিলক্ষেত থানার সামনে রাত ১১টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি শব্দ আমরা শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।’
এর কিছুক্ষণ আগে হোটেল রেডিসনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা: ডিএমপি
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ঘটনাগুলোর বিষয়ে ডিএমপির অবস্থান তুলে ধরে আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন বলে জানান তিনি।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, সার্বিক বিষয় পর্যালোচনা করে পুলিশের কাছে স্পষ্ট হয়েছে যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত এবং আতঙ্ক দূর করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কড়া নজরদারি বজায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
ককটেল তৈরির উপাদান কোথায় সংগ্রহ বা প্রস্তুত করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা মনিটর করা হচ্ছে বলেও জানান তিনি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কারা নাশকতার উদ্দেশ্যে এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তাদের শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
-টিএস