সঞ্চয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে নতুন ‘গোল-বেজড সেভিংস স্কিম’ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)।
এই স্কিমের আওতায় সদস্যরা তিন বা পাঁচ বছর মেয়াদি ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)-এর মাধ্যমে নির্দিষ্ট আর্থিক লক্ষ্য পূরণের জন্য নিয়মিত সঞ্চয় করতে পারবেন। একই সঙ্গে স্কিমের মেয়াদজুড়ে পাবেন ইন্স্যুরেন্স সুরক্ষা। ফলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখার সুযোগ তৈরি হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে গত ১৪ অক্টোবর গার্ডিয়ান ও সিদীপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনিক্যাল অফিসার আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এবং সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা।
আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে সঞ্চয় করলে নিয়মিত অর্থ জমাতে মানুষ উৎসাহিত হয়। তবে সঞ্চয়ের পথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা পরিবারের আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুবিধা যুক্ত হওয়ায় একই সঙ্গে ভবিষ্যতের লক্ষ্য পূরণ ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’
মিফতা নাঈম হুদা বলেন, ‘সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য থাকলে পরিবারগুলো ভবিষ্যতের খরচের জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে পারে এবং নিজেদের অর্থ আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে পারে। এর সঙ্গে আর্থিক সুরক্ষা যুক্ত হলে মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যৎ আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরিকল্পনা করতে পারবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, মাইক্রো ইন্স্যুরেন্স ও ডিজিটাল চ্যানেলের প্রধান আবদুল হালিম, ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাহরিয়ার জামিল আবির।
সিদীপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জিএম ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রধান আবু খালেদ, জিএম ও হেড অব প্রোগ্রাম আমিনুল হক ভূঁইয়া এবং এজিএম (এমএফ) আবু সালেহ নূর মোহাম্মদ। এ ছাড়া সিদীপের ডিজিটাইজেশন ও এমআইএস বিভাগের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর মধ্যে পরিকল্পিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যতের আর্থিক প্রয়োজন মোকাবিলায় সঞ্চয় ও ইন্স্যুরেন্স- দুই ধরনের সুরক্ষা একসঙ্গে নিশ্চিত করাই গার্ডিয়ান ও সিদীপের লক্ষ্য।
-টিএস