শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২১৮ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী আগের চুক্তির ধারাবাহিকতায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং এর মেয়াদ হবে এক বছর।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
আরএন