বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে ১২টি দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া এসব দেশে গমনেচ্ছু কোনো কর্মীর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইস্যু করা যাবে না।
এদিকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে পৃথক চিঠির মাধ্যমে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে সংশ্লিষ্ট ১২টি দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোকে নিয়োগ অনুমোদনের বিষয়টি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
এফএস